পাকিস্তান সফরে গিয়ে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশকে শোষণ করেছে এবং দেশটির সাথে একটি উপনিবেশের মতো আচরণ করেছে। তিনি আরো হুঁশিয়ারি দিয়েছেন যে, ভারত যদি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে (প্রত্যর্পণ করতে) অস্বীকার করে, তবে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন স্পিকার। তার বক্তব্য পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এ প্রসঙ্গে স্পিকার বলেন, তিনি (হাসিনা) দেশে ফিরে এলে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে। তিনি আরো দাবি করেন, আগামী ১০ বছরের মধ্যে হাসিনার ফিরে আসার সম্ভাবনা খুবই কম।
তিনি অভিযোগ করেন, হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত তাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধ করার বিষয়েও সরকারের বিবেচনার কথা জানান স্পিকার। তবে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে দলটিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এ সফর বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের পাকিস্তানে প্রথম সরকারি সফর।
সফরে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা, প্রতিনিধিদলের বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্পিকার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




