প্রাপ্ত রাজস্বের তুলনায় ব্যবহারজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি

বাজেটে সিগারেটের মূল্য বাড়ানোর দাবি

স্টাফ রিপোর্টার

বাজেটে সিগারেটের মূল্য বাড়ানোর দাবি

আসন্ন অর্থবছরের বাজেটে সিগারেটের ন্যূনতম মূল্য অন্তত ১০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে উন্নয়ন সমন্বয় সংগঠন। সোমবার জাতীয় প্রেসক্লাবে উন্নয়ন সমন্বয় আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে সিগারেটে কার্যকর করারোপের প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করে উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আবদুল্লাহ আবদুল্লাহ নাদভী বলেন, সিগারেট বিক্রি থেকে সরকার যে রাজস্ব পেয়ে থাকে তার তুলনায় সিগারেট ব্যবহারজনিত অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বেশি। সিগারেটে কার্যকর করারোপ হলে সরকারের রাজস্ব আয় কমে যাবে, সিগারেট শিল্পে নিয়োজিত শ্রমিকদের কর্মসংস্থান হারাবে ইত্যাদি নানাবিধ অপপ্রচার চালানো হয় স্বার্থান্বেষী মহলের পক্ষ থেকে। কার্যকর করারোপ করলে মধ্যম মেয়াদে সিগারেট বিক্রি থেকে পাওয়া কর কমবে না, বরং বাড়বে। তাই আলোচনা ও নীতি-ভাবনার সময় এসব অপপ্রচার বিষয়েও সর্বোচ্চ সতর্কতা একান্ত ভাবে কাম্য।

বিজ্ঞাপন

সংগঠনটির তথ্যমতে, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সময়কালে বিভিন্ন স্তরের সিগারেটের দাম ৬ থেকে ২২ শতাংশ বাড়ানো হয়েছে এই সময়ের মূল্যস্ফীতির হার ৩২ শতাংশ ছিল। ফলে মূল্যস্ফীতির বিবেচনায় সিগারেট আরও সহজলভ্য হয়েছে। তাই আসন্ন অর্থবছরের বাজেটে সকল স্তরের সিগারেটের ন্যূনতম ঘোষিত খুচরা মূল্য অন্তত ১০ শতাংশ বাড়াতে হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দরা।

আবদুল্লাহ নাদভী বলেন, চলতি অর্থবছর জুড়ে যেহেতু গড় মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি রয়েছে তাই আসন্ন অর্থবছরের বাজেট সকল স্তরের সিগারেটের ন্যূনতম ঘোষিত খুচরা মূল্য অন্তত ১০ শতাংশ করে বাড়াতে হবে। ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের মধ্যে সিগারেট ব্যবহারের হার ১৩ শতাংশে নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় মাত্রায় সিগারেটের দাম বাড়াতে হবে। এছাড়াও কর আহরণ সহজীকরণের জন্য বাজারে বিক্রি হওয়া সিগারেটের স্তর সংখ্যা কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করার পাশাপাশি সিগারেট বিক্রি থেকে প্রাপ্ত রাজস্ব ২০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নিয়ে সিগারেটে কর প্রস্তাব তৈরি করতে হবে।

সংবাদ সম্মেলনে উন্নয়ন সমন্বয়ের হেড অব প্রোগ্রামস শাহীন উল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অর্থনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক ড. নাজমুল ইসলাম এবং সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ ও শেখ মোহাম্মদ আসলাম প্রমুখ।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন