২০২৬-২৭ অর্থবছরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় স্পিকার মেজর (অব.) এম হাফিজউদ্দিনের সভাপতিত্বে শুরু হওয়া জাতীয় সংসদ অধিবেশনে নতুন অর্থবছরের এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে সংসদীয় কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
বাজেট প্রস্তাবনা অনুযায়ী, নির্বাচন কমিশনের বরাদ্দ গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে ইসির জন্য বরাদ্দের পরিমাণ ছিল ৪ হাজার ৩৪৬ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ২ হাজার ৯৫৬ কোটি টাকা। স্থানীয় সরকারসহ ইসির অন্যান্য ব্যয় নির্বাহের জন্য ৪,৪০১ কোটি এবার বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থ-বছরের বাজেট থেকে ২৪৫ কোটি কম হওয়ার কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি।
স্থানীয় সরকার ও ইসির তথ্যমতে, আগামীতে স্থানীয় সরকারের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় প্রশাসক ও প্রশাসনের কর্মকর্তা দিয়ে পরিচালিত হচ্ছে। নতুন অর্থবছরে বরাদ্দ হওয়া এই টাকা দিয়ে এসব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

