গ্রেপ্তারি পরোয়ানায় পালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম (৫৫)। রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডের নিজ ফ্ল্যাটে পুলিশ গেলে তিনি আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টাকালে অষ্টম তলা থেকে নিচে পড়ে যান।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গার্ডেন প্যালেস ভবনে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই ভবনের একটি ফ্ল্যাটে স্ত্রীর সঙ্গে থাকতেন। তার নামে গাজীপুরে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল, যা কার্যকর করতে পুলিশ তার ঠিকানায় যায়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল জানান, রাতে পুলিশ নজরুলকে গ্রেপ্তার করতে ওই ফ্ল্যাটে গিয়ে তাকে খুঁজে পায়নি। ঘরে ছিলেন শুধু তার স্ত্রী রওশনারা বেগম। তিনি বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে বারান্দার কার্নিশে লুকান বা অন্য ফ্ল্যাটে পালানোর চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।’
প্রতিবেশীদের ধারণা, গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে কোনো উপায় না পেয়ে তিনি ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন, যা শেষ পর্যন্ত তার জীবন কেড়ে নেয়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ২টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


