নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথ মঙ্গলবার

নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথ মঙ্গলবার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ মঙ্গলবার (৩ নভেম্বর)। ওইদিন দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠিত হবে। সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টায় সংসদ ভবনস্থ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন (৩২৩ মহিলা আসন-২৩) থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এর আগে গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। পরবর্তী সময়ে ৩১ অক্টোবর তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী এলিজা জামান। সোমবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন