শোকে স্তব্ধ দুই পরিবার

লালপুরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের

লালপুরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
ছবি: আমার দেশ

,একসঙ্গে খেলাধুলা, একসঙ্গে বেড়ে ওঠা। একসাথে চলে যাওয়া। স্বজনদের অগোচরে মুহূর্তের ব্যবধানে চিরদিনের জন্য থেমে গেল দুই কন্যা শিশুর জীবন। নাটোরের লালপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে একই পরিবারের দুই চাচাতো বোন। মাত্র তিন ও চার বছর বয়সী দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার দুটিতে। হৃদয়বিদারক এ ঘটনায় শোকাহত পুরো এলাকাবাসী।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১২টার মধ্যে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত দুই শিশু হলো-বেড়িলাবাড়ি গ্রামের আনারুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন (৪) এবং সিরাজুল ইসলামের মেয়ে শিউলি আক্তার (৩)। সম্পর্কে তারা আপন দুই চাচাতো বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে দশটার দিকে দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনে আনারুল ইসলামের পুকুরের পানিতে পড়ে যায় তারা। এদিকে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে আফিয়ার মা আরিফা বেগম পুকুরে দুই শিশুকে ভাসতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

যে বাড়িতে দুই শিশুর হাসি-খেলায় মুখর থাকার কথা ছিল, সেই বাড়িতেই এখন স্বজনদের আহাজারি। দুই পরিবারের স্বপ্ন আর আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। অবুঝ দুই শিশুর এমন অকাল মৃত্যুতে বেড়িলাবাড়ি গ্রামজুড়ে নেমে এসেছে শোকের আবহ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন