পাঁচ বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্যমন্ত্রী

পাঁচ বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্যমন্ত্রী

দেশে গত পাঁচ অর্থবছরে ইলিশের উৎপাদন প্রায় ২৬ শতাংশ কমেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। গত পাঁচ বছরে ইলিশের উৎপাদন ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন থেকে কমে ৪ লাখ ১৯ হাজার ৫০০ টনে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

উৎপাদন বাড়াতে ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা, জেলেদের খাদ্যসহায়তা ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তবে মাছের খুচরা বাজারমূল্য নির্ধারণে মৎস্য অধিদপ্তরের সরাসরি কোনো ভূমিকা নেই জানিয়ে তিনি বলেন, উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা বাজারমূল্যের সম্পর্ক নিরূপণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সংসদে মন্ত্রী জানান, দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১০ শতাংশ আসে ইলিশ থেকে এবং একক প্রজাতি হিসেবে মাছ উৎপাদনে ইলিশের অবদান সর্বোচ্চ। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মেঘনার ঊর্ধ্বাঞ্চল ও নিম্ন অববাহিকা, পদ্মা, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়াসহ উপকূলীয় নদীতে মোট ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

মা ইলিশ রক্ষায় সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, মা ইলিশ আহরণ নিষিদ্ধ ২২ দিনে ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ১৫ হাজার ৫০৪ মেট্রিক টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য ২০২৫-২৬ অর্থবছরে চার মাসে ৩ লাখ ৬৭ হাজার পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে মোট ৫৮ হাজার ৭২০ মেট্রিক টন খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন উপকূলীয় এলাকায় মাছ আহরণ বন্ধকালীন ১৪ জেলার ৬৯টি উপজেলার ৩ লাখ ১১ হাজার ৫০০ জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে মোট ২৪ হাজার ১৬৫ দশমিক ৬৩ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।

‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় জাটকা আহরণ ও মা ইলিশ সংরক্ষণকালীন সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ২৬ হাজার ১৭৬টি জেলে পরিবারকে বকনা বাছুর দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ ছাড়া ১৭ হাজার ৫০০ ইলিশ আহরণকারী জেলেকে আয়বৃদ্ধিমূলক কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও ইলিশের উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে গত পাঁচ অর্থবছরের ইলিশ উৎপাদনের চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন, যা ২০২২-২৩ অর্থবছরে বেড়ে ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টনে দাঁড়ায়। পরবর্তী দুই অর্থবছরে উৎপাদন কমে ২০২৩-২৪ সালে ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টন এবং ২০২৪-২৫ সালে ৫ লাখ ২ হাজার ৪৪৪ টনে নামে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন ৪ লাখ ১৯ হাজার ৫০০ টন প্রাক্কলন করা হয়েছে।

বাজারমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে মন্ত্রী বলেন, মাছের খুচরা বাজারমূল্য মূলত এর প্রাচুর্যের ওপর নির্ভরশীল। আড়তে নিলামের মাধ্যমে মাছের দাম নির্ধারিত হওয়ায় মুক্তবাজার ব্যবস্থায় মাছের দাম নির্ধারণে মৎস্য অধিদপ্তরের সরাসরি সুযোগ নেই। তবে উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা বাজারমূল্যের সম্পর্ক নিরূপণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে এবং দেশের বাইরে ইলিশ পাচার রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিপন্ন মাছের প্রজাতি রক্ষায় কারেন্ট জালসহ সব ধরনের অবৈধ মাছ ধরার জালের ব্যবহার বন্ধে কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ জালের কারণে উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে। মৎস্য অধিদপ্তর অভয়াশ্রম স্থাপন, পোনা অবমুক্তকরণ এবং হাওর অঞ্চলের সাতটি জেলাপ্রশাসনে প্রতিবছর ৩০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের এক সম্পূরক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী জানান, একশ্রেণির অসাধু জেলে কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত নদীর মোহনা ও উপকূলীয় অঞ্চলে ট্রলিং পদ্ধতিতে নির্বিচারে মাছ শিকার করছে। নৌযান থেকে টেনে জাল ফেলে মাছ ধরার এই পদ্ধতি সামুদ্রিক জীববৈচিত্র্য, খাদ্যনিরাপত্তা এবং ব্লু-ইকোনমির জন্য বড় হুমকি তৈরি করেছে। মাছের সুরক্ষা ও সংরক্ষণে সরকার ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে এবং সারা দেশে মোট ৮্রেটটি মাছের অভয়াশ্রম স্থাপন করেছে। এ ছাড়াও ২০২৫-২৬ অর্থবছরে উন্মুক্ত জলাশয়ে প্রায় ২৪৪ টন মাছের পোনা অবমুক্ত এবং ৯৭৮টি বিলে নার্সারি স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন