বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে চারটি জাহাজ জাতীয় চার নেতার নামে নামকরণ করা হয়েছিল। পুরোনো নাম পরিবর্তন করে জাহাজগুলোর নতুন নাম নির্ধারণ করে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম পরিবর্তনের তালিকায় রয়েছে— ‘বিসিজিএস জয় বাংলা’ (পিসি ২০৮), যার নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। এছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল ৭১)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’ এবং ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল ৭২)-এর নতুন নাম দেওয়া হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’।
তালিকায় থাকা বাকি দুটি জাহাজের মধ্যে ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল ৭৩)-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল ৭৪)-এর নতুন নাম করা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মাসফিকা হোসেনের সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


