জুলাই শহীদ পরিবার ও আহতদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের খসড়া অনুমোদন

জুলাই শহীদ পরিবার ও আহতদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের খসড়া অনুমোদন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ২৮তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া পুনর্গঠনসহ সার্বিক পর্যালোচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাবৃন্দের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উক্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এ ছাড়া বাংলায় প্রণীত ‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা ২০২৪’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সিদ্ধান্ত হলো— উপদেষ্টা পরিষদ-বৈঠকের আলোচনা অনুযায়ী পরিমার্জন-সাপেক্ষে বাংলায় প্রণীত ‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা’র খসড়া অনুমোদন করা হয়েছে। এই নীতিমালার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ: পরিকল্পিতভাবে সুষ্ঠু ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ড্রেজিং কার্যক্রম পরিচালনা ও ড্রেজড ম্যাটেরিয়ালের সর্বোত্তম ব্যবহার এই নীতিমালার মাধ্যমে নিশ্চিত করা হবে; সর্বজনীন ব্যবহার অর্থাৎ সরকারি, বেসরকারি অথবা যৌথভাবে ড্রেজিং কার্যক্রম পরিচালনাকালে ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ ও ইহার আওতাধীন সংস্থার জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে; ড্রেজড ম্যাটেরিয়ালের পরিবেশসম্মত ব্যবস্থাপনা, নদ-নদীর পানি-ধারণ ক্ষমতা বৃদ্ধি, মৎস্য-কৃষি-সেচ ব্যবস্থার উন্নয়ন, জলাভূমির জীববৈচিত্র্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নীতিমালাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে; এই নীতিমালার বিধানসমূহ সঠিকভাবে বাস্তবায়ন ও প্রয়োগের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি কাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে; প্রচলিত অন্য কোন বিধি- বিধানের সঙ্গে এই নীতিমালা সাংঘর্ষিক নয়। দীর্ঘদিনের পুরাতন হাইড্রোগ্রাফিক জরিপের ভিত্তিতে প্রদত্ত ইজারাধীন বালুমহালের ক্ষেত্রে নূতন করে ইজারা কার্যক্রম গ্রহণের পূর্বে পুনরায় হাইড্রোগ্রাফিক জরিপ সম্পন্ন করে ইজারা কার্যক্রম গ্রহণ করা; সূর্যাস্তের পর বালু উত্তোলন বন্ধ করা এবং অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রয় না করে সরকারি প্রতিষ্ঠানের নির্মাণকাজে ব্যবহার করার বিধান অন্তর্ভুক্ত করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর আওতায় জারিকৃত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা ২০১১’ হালনাগাদ করতে হবে। ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

পাশাপাশি ‘জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪’-প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে উপদেষ্টা কমিটির প্রতিবেদন গৃহীত হয়েছে। এই প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে, জাতীয় জিন ব্যাংকের প্রয়োজনীয়তা যথাযথভাবে নিরূপণ না করে সাভারে এই প্রতিষ্ঠান ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হয়েছে। সরকারি ব্যয় বৃদ্ধি ব্যতীত জাতীয় জিন ব্যাংকের ভবন ও সংশ্লিষ্ট অবকাঠামোর যথোপযুক্ত ব্যবহারের একটি পূর্ণাঙ্গ প্রস্তাব সারসংক্ষেপসহ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করার লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে কৃষি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

সভায় ‘জাতীয় নগর নীতি ২০২৫’ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্যের নেতৃত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। পুনর্গঠিত খসড়া নীতি পুনরায় উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপন করতে হবে।

লোকালি লিড এডাপটেশন ফ্রেমওয়ার্ক (এলএলএএফ) Locally Led Adaptation Framework (LLAF)-এর খসড়া অনুমোদন। সিদ্ধান্ত হয়েছে- জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রক্রিয়ায় স্থানীয় পর্যায়ের অগ্রাধিকার ও সক্ষমতাকে অন্তর্ভুক্ত করে অভিযোজন পরিকল্পনা ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে একটি সুসংহত কাঠামো প্রণয়ন জরুরি। এ বিবেচনায় Locally Led Adaptation Framework (LLAF)-এর খসড়া উপদেষ্টা পরিষদ-বৈঠকে অনুমোদন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন