থানায় অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে: ডিএমপি কমিশনার

স্পোর্টস রিপোর্টার

থানায় অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে: ডিএমপি কমিশনার

থানায় অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান ও প্রয়োজনে মামলা রুজু করতে হবে।

বুধবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, প্রায় দুই কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করেন। যানজটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এ শহর। জুলাই-আগস্টে পুলিশের ভূমিকার জন্য আমাদের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এরূপ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

এরমধ্যে উল্লেখযোগ্য হলো, মানুষের কাছে যাওয়া এবং তাদের কথা শোনা। একই সঙ্গে নাগরিকদের বলা যে আমরা তাদের সর্বোচ্চ সেবা দিতে চাই। পুলিশের আচার-আচরণ, নৈতিকতা ও জীবন যাপন পদ্ধতি এমন হতে হবে যেন তা অন্যদের জন্য অনুকরণীয় হয়।

তিনি আরও বলেন, ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর-গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে শিক্ষক, ছাত্র-জনতা, শ্রমিকনেতা ও ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের জনগণকে নিয়ে সিটিজেন ফোরাম গঠন করা হবে।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, রেজাউল করিম মল্লিক, মাসুদ করিম, খোন্দকার নজমুল হাসান, হাসান মো. শওকত আলী; যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন