চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার

চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার

রাজধানীর ভাটারায় একটি বাসায় চালের ড্রামের ভেতর থেকে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মালা বেগম (৬২) ও তার ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য এক কোটি দুই লাখ টাকা। অধিদপ্তরের বলছে, কক্সবাজার থেকে ইয়াবা এনে ওই বাসায় মজুত করা হতো। পরে গাজীপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ৯টার দিকে ভাটারা থানার ছোলমাইদ ঢালিবাড়ী কাঁচাবাজারসংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। রাত ৯টা ২০ মিনিটে চালের ড্রামের ভেতরে রাখা একটি কাপড়ের ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়। অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাসাটিতে অভিযান চালানো হয়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে পশ্চিম পাশের কক্ষের একটি চালের ড্রামের ভেতর থেকে কফি রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কাগজ ও স্কচটেপে মোড়ানো ১৭টি প্যাকেট ছিল। এসব প্যাকেটে মোট ৩৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবার মোট ওজন ৩ দশমিক ৪০ কেজি।

অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার করা ইয়াবার প্রকৃত মালিক সাহিদা বেগম ইতি (৪৮)। তিনি ভাটারা থানার জোয়ারসাহারা এলাকায় থাকেন। তবে অভিযানের সময় তাকে বাসায় পাওয়া যায়নি। ইতি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মালা বেগমের বাসায় মজুত করতেন। পরে গাজীপুরের কোনাবাড়ী, সাইনবোর্ড ও টাঙ্গাইলের ভূঞাপুরসহ বিভিন্ন এলাকায় এসব ইয়াবা সরবরাহ করা হতো।

এ ঘটনায় মালা বেগম, তার ছেলে মামুন চোকদার ও পলাতক সাহিদা বেগম ইতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভাটারা থানায় মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন