দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শের কথা জানানো হয়।
গুজব থেকে সতর্ক থাকার আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা
পূজামণ্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মণ্ডপে ব্যাগ, থলে বা পোঁটলা নিয়ে প্রবেশ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট বসানোর পরামর্শ দিয়েছে পুলিশ। মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। সম্ভব হলে বিকল্প বিদ্যুৎ সরবরাহের জন্য স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের সহজে শনাক্ত করার জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ডের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পরামর্শ
পূজা উদযাপনের সময় অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পুলিশ। আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া পূজার সময় আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণের নির্দেশনা
যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণের পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি স্থানীয় প্রশাসন নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ করবেন
জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য কয়েকটি নিয়ন্ত্রণকক্ষের নম্বর জানিয়েছে পুলিশ। নম্বরগুলো হলো—
পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০।
ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯।
এসআরবি কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০৯।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯।
এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা চালু জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া যাবে। এ সেবা টোল ফ্রি।
জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) যোগাযোগ নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখারও পরামর্শ দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


