সাম্প্রতিক সময়ের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া।
বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে, সম্প্রতি রিয়াদ বিমানবন্দর ও অ্যারামকোর বিভিন্ন তেল শোধনাগারে হামলার দাবির মুখে মস্কোর পক্ষ থেকে হুথিদের এই জরুরি তাগিদ দেওয়া হয়।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের কড়া নিষেধাজ্ঞার মুখে পড়া রাশিয়া ও ইরান সাম্প্রতিক সময়ে তাদের কৌশলগত সম্পর্ক দৃশ্যমানভাবে জোরদার করেছে। দ্বিপক্ষীয় বাণিজ্য, সামরিক সহযোগিতা, বিজ্ঞান, সংস্কৃতি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে আরও সুদৃঢ় করতে গত বছর দুই দেশের মধ্যে একটি ‘সর্বাত্মক কৌশলগত অংশীদারত্ব চুক্তি’ স্বাক্ষরিত হয়।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে গভীর সামরিক ও কৌশলগত অংশীদারত্ব থাকা সত্ত্বেও হুথিদের বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের এই আহ্বান মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে রাশিয়ার একটি দায়িত্বশীল অবস্থান প্রদর্শনের চেষ্টা।
সূত্র: আলজাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


