এক বছরের কাজের বিবরণ তুলে ধরেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

এক বছরের কাজের বিবরণ তুলে ধরেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিগত এক বছরের কাজের বিবরণ দিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ বিধিমালা/ নির্দেশিকা সংশোধনপূর্বক মন্ত্রী, সংসদ-সদস্য, বিচারপতি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের জন্য নির্ধারিত বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল করা হয়েছে এবং একই পরিবারের একাধিক সদস্যের প্লট ও ফ্ল্যাট প্রাপ্তির সুযোগ বাতিল করা হয়েছে। ফলে প্লট ও ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

জানুয়ারি ২০০৯ থেকে জুলাই ২০২৪ মেয়াদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্লট/ ফ্ল্যাট বা স্পেস বরাদ্দের ক্ষেত্রে সংঘটিত অনিয়ম/দুর্নীতি তদন্তের লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে ৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে উক্ত তদন্ত কমিটির কার্যক্রম চলামান রয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক দুদকের সাবেক কমিশনার, সাবেক সচিব, সাবেক জেলা জজ ও প্রভাবশালী সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে নিয়ম বহির্ভূতভাবে ধানমন্ডি আবাসিক এলাকায় বরাদ্দকৃত ১২টি বিলাসবহুল ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে।

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক শেরে বাংলা নগরস্থ সাবেক গণভবন কমপ্লেক্স এলাকার ১৭.৪৭ একর জমিসহ ভবন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে রেজিস্ট্রেশনপূর্বক হস্তান্তর করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের তত্ত্বাবধানে জাদুঘরের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন- ২০২৪ এর শহীদ পরিবারদের জন্য স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকাস্থ মিরপুর এলাকায় ৮২০টি এবং কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের জন্য ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ দুটি প্রকল্প একনেক কর্তৃক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে রাজধানীর শাহাবাগে ০১টি এবং জেলা পর্যায়ে ০৮টিসহ মোট ০৯টি জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট ৫৫টি জেলা শহরে স্মৃতি স্তম্ভ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫; রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া প্রণীত হয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও স্থানীয় পরিকল্পনা অধ্যাদেশ, ২০২৫ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

নিম্ন বেতনভুক্ত সরকারি কর্মচারীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে ঢাকাস্থ আজিমপুরে ৮৩৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার কর্তৃক গৃহীত জনস্বার্থ বিরোধী ৫টি প্রকল্প বাতিল করা হয়েছে। এতে সরকারের মোট ৪২৬.৩৭ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বিশেষ অডিট কার্যক্রম পরিচালনার মাধ্যমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে ২০০৯-২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব ও প্লট/ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত ২৮২টি অনিয়ম/ দুর্নীতি প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে এবং এ সকল অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া উক্ত সময়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনিয়ম/ দুর্নীতি চিহ্নিত করার লক্ষ্যে বিশেষ অডিট কার্যক্রম চলমান রয়েছে। প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরে ১৪ হতে ২০ গ্রেডের ৪৯৪ জন এবং স্থাপত্য অধিদপ্তরে ৩৫ জন কর্মচারী নিয়োগ করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক অসদাচরণের অভিযোগে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী এবং সহকারী স্থপতি পদমর্যাদার মোট ১১জন কর্মকর্তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে। তাছাড়া বহুল আলোচিত রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অনিয়ম/দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ২৫জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুপূর্বক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য বিগত সরকারের আমলে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার কার্যক্রম স্থবির ছিল।

সচিবালয়ের অভ্যন্তরে অফিসের স্থান সংকট নিরসনকল্পে ১৫তলা ও ২০তলা বিশিষ্ট ২টি ভবন নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়াও সচিবালয়ের ৭তলা ভবনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফ্লোরসমূহ দ্রুততার সাথে সংস্কার ও মেরামত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিকট হস্তান্তর করা হয়েছে এবং ফ্লোরসমূহে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয়, বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর, উত্তরা থানা ভবনসহ সারাদেশের বিভিন্ন সরকারি স্থাপনা সংস্কার ও মেরামতপূর্বক সংশ্লিষ্ট দপ্তরকে বুঝিয়ে দেয়া হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, দপ্তর বা সংস্থা কর্তৃক লীজ প্রদানকৃত প্লট বা ফ্ল্যাট গ্রহীতাদের লিজ পরবর্তী সম্পত্তি হস্তান্তর, নামজারি বা আম-মোক্তারনামা ইত্যাদি সেবায় পূর্বানুমোদন গ্রহণের বাধ্যবাধকতা থাকায় সৃষ্ট হয়রানি ও ভোগান্তি দূরীকরণের উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক এ ধরণের পূর্বানুমোদন গ্রহণ প্রথা বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনয়ন, সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোনন্নয়নের লক্ষ্যে অধিদপ্তরের কর্মকর্তাগণের বদলী/পদায়ন নীতিমালা-২০২৫ অনুমোদনের নিমিত্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলা, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও নৈতিক ভিত্তি দিয়ে প্রশিক্ষিত করার লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মচারীদের জন্য প্রশিক্ষণ নীতিমালা-২০২৫ অনুমোদনের নিমিত্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রমে গতিশীলতা আনয়নসহ সুষ্ঠুভাবে সরকারি কার্য সম্পাদনের লক্ষ্যে রাজস্বখাতে স্থায়ীভাবে ১০৭ টি ক্যাডার পদ এবং উপসহকারী প্রকৌশলী ও সহায়ক কর্মচারী পদে ২০৪টি অস্থায়ী পদসহ মোট ৩১১ টি পদ সৃজন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন