শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাস প্রত্যাখ্যান

জাতীয়করণ দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থানের ঘোষণা

জাতীয়করণ দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থানের ঘোষণা

মন্ত্রণালয়ের আশ্বাস সত্ত্বেও মঙ্গলবার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি এবং জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছেন জাতীয়করণেরি দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। এছাড়া মঙ্গলবার দুপুরের মধ্যে কোন ঘোষণা না এলে এদিনে প্রধান উপদেষ্টার বাসভবন-যমুনা অথবা সচিবালয়ের দিকে মার্চ করার আভাস দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

সোমবার বিকালে এসব কর্মসূচির কথা জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজীজী।

তিনি বলেন, সোমবার বেলা সোয়া চারটার দিকে তাদেরকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়। সেখানে শিক্ষা উপদেষ্টা ও সচিব না থাকায় অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে তাদের বৈঠক হয়। তারা জানান, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে স্পষ্ট ঘোষণা দেয়া হলে তারা আন্দোলন ছেড়ে চলে যাবেন। কিন্তু এসময় হুমায়ুন কবির তাদের জানান, যথা সময়ে ব্রিফ করা হবে। আন্দোলন না করার আহ্বান জানান তিনি।

তবে এ আশ্বাসে রাজি না হয়ে আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এ বিষয়ে দেলাওয়ার হোসেন আজীজী আরো বলেন, আমরা মঙ্গলবার সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেছি। একইসঙ্গে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলবে। দুপুরের মধ্যে দাবি মানার কোন ঘোষণা না এলে যমুনা অথবা সচিবালয়ের দিকে মার্চ করা হবে।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ছয় দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন