মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশি আটক
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিদের মধ্যে ১৪৭ জন ইন্দোনেশিয়ার, ২০ জন বাংলাদেশের, ৫ জন নেপালের, ৩ জন ভারতের, একজন পাকিস্তানের এবং বিভিন্ন দেশের আরও পাঁচজন রয়েছেন। আটকদের সবাইকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বুকিত জলিল অভিবাসন ডিপোতে নেওয়া হয়েছে।

শনিবার জালান রাজা বট এলাকায় এ অভিযান শুরু হয়। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশনস) লোকমান এফেন্দি রামলির বরাতে প্রতিবেদনে বলা হয়, অভিযানে ৫১২ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৮১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে।

অভিযানে কুয়ালালামপুর সিটি হল, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়, জাতীয় নিবন্ধন বিভাগ, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশ অংশ নেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন