নৌবাহিনী প্রধানের সঙ্গে পাকিস্তান নৌ প্রধানের সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সঙ্গে পাকিস্তান নৌ প্রধানের সাক্ষাৎ

পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সফরের অংশ হিসেবে আজ রোববার বনানীস্থ নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

এর আগে তিনি নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে উভয় দেশের নৌবাহিনীর প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধিদল, পাকিস্তান হাইকমিশনার, ডিফেন্স অ্যাটাশে, নৌবাহিনী সদর দপ্তরের পিএসও এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে পাকিস্তান নৌবাহিনীর প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

একই দিনে তিনি সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাকিস্তান নৌবাহিনীর প্রধান বাংলাদেশ সফরকালে বিমান বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং চট্টগ্রামের নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এসআর/

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন