ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার

ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার
পাকিস্তান সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ২৬ নভেম্বর লাহোরের বৃহত্তর ইকবাল পার্কে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করছেন। ছবি-এপিপি

পাকিস্তান সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম লাহোরের ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে তিনি লাহোরের বৃহত্তর ইকবাল পার্কে অবস্থিত স্মৃতিস্তম্ভটি ঘুরে দেখেন।

মিনার-ই-পাকিস্তান পাকিস্তানের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি স্থাপনা। ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরের তৎকালীন মিন্টো পার্কে অল ইন্ডিয়া মুসলিম লীগের অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হয়। পরবর্তী সময়ে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে এ প্রস্তাব গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে মিনার-ই-পাকিস্তান নির্মাণ করা হয়। বর্তমানে স্থানটি বৃহত্তর ইকবাল পার্ক নামে পরিচিত।

বিজ্ঞাপন

স্মৃতিস্তম্ভটির নির্মাণকাজ শুরু হয় ১৯৬০ সালের ২৩ মার্চ। প্রায় আট বছর পর ১৯৬৮ সালের অক্টোবরে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রায় ৭০ মিটার উঁচু এই স্থাপনার নকশায় মুঘল, ইসলামি ও আধুনিক স্থাপত্যরীতির সমন্বয় রয়েছে। এর ভিত্তি ফুলের আটটি পাপড়ির আদলে তৈরি। স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশে পবিত্র কোরআনের আয়াত, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর বক্তব্য, কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের কবিতার পঙ্‌ক্তি এবং লাহোর প্রস্তাবের লেখা খোদাই করা রয়েছে। এসব লেখা ইংরেজি, আরবি, উর্দু ও বাংলায় সংরক্ষিত।

স্পিকারের পাকিস্তান সফরটি দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে। ২৪ নভেম্বর উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানে পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশের কোনো জাতীয় সংসদ স্পিকারের এটিই প্রথম পাকিস্তান সফর বলে দেশটির জাতীয় পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান। তাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকারিয়া বিন আমজাদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আকবর হোসেন।

লাহোরে মিনার-ই-পাকিস্তান পরিদর্শনের আগে ও পরে প্রতিনিধিদলটি শহরটির আরো কয়েকটি ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখে। প্রতিনিধিদলটি আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধি, লাহোর ফোর্ট ও বাদশাহী মসজিদও পরিদর্শন করে। ইকবালের সমাধিতে স্পিকার পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও চাদর দেন এবং দর্শনার্থীদের বইয়ে নিজের মন্তব্য লেখেন।

এর আগে ২৫ নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ বাংলাদেশের স্পিকার ও সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শাহবাজ শরিফ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...