বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যুগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ রয়েছে। এখন এই সম্পর্ককে বাণিজ্য, অর্থনীতি ও সংসদীয় সহযোগিতায় আরও শক্তিশালী করার সময় এসেছে।
বৃহস্পতিবার পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য লাহোর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি নিয়মিত ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি বৈঠকের (বিজনেস-টু-বিজনেস বা বি-টু-বি) আয়োজনের প্রস্তাব দেন। তার মতে, এসব উদ্যোগের মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ীরা পরস্পরের বাজার, চাহিদা ও বিনিয়োগের সুযোগ সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভবিষ্যৎ সহযোগিতা ও বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আগামী ২৯ নভেম্বর ঢাকায় পাকিস্তানের ট্রেডিং করপোরেশন ও বাংলাদেশের ট্রেডিং করপোরেশনের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো এবং পারস্পরিক বাণিজ্য বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। স্পিকার বলেন, অর্থনৈতিক সহযোগিতা বাড়লে শুধু ব্যবসায়ীরাই নন, সাধারণ মানুষও উপকৃত হবেন। এর ফলে পণ্যের ভালো দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা নিশ্চিত হতে পারে।
অনুষ্ঠানে লাহোর চেম্বারের সভাপতি আলী হুসাম আসগর বাংলাদেশের শিল্পোন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করেন। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে পাকিস্তান উপকৃত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আলী হুসাম আসগর তথ্যপ্রযুক্তি, প্রতিরক্ষা উৎপাদন, প্রকৌশলপণ্য, অস্ত্রোপচারের সরঞ্জাম, ক্রীড়াসামগ্রী, চামড়া, কৃষি, চাল ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। এ ছাড়া বস্ত্র, ওষুধ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সামুদ্রিক খাদ্য খাতে যৌথ উদ্যোগ নেওয়ার সম্ভাবনার কথাও বলেন তিনি।
তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় লাহোর, ঢাকা ও চট্টগ্রামের বাণিজ্য সংগঠনগুলোকে নিয়ে একটি ‘পাকিস্তান-বাংলাদেশ অর্থনৈতিক সমন্বয় পরিষদ’ গঠনের প্রস্তাব দেন। এ পরিষদের মাধ্যমে নিয়মিত ভার্চ্যুয়াল বৈঠক, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং বি-টু-বি বৈঠকের আয়োজন করা যেতে পারে বলে জানান তিনি।
লাহোর চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি সারদার উসমান গনি বলেন, বাংলাদেশের স্পিকার ও উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদলের এই সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে। অন্যদিকে, চেম্বারের সহসভাপতি চৌধুরী খাদিম হুসাইন দুই দেশের ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ, বাণিজ্য প্রতিনিধিদল বিনিময় এবং যৌথ উদ্যোগের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য নাসের রহমান বলেন, পাকিস্তানের শিয়ালকোটের ক্রীড়াসামগ্রী শিল্পের জন্য বাংলাদেশ বড় বাজার হতে পারে। বাংলাদেশের বাজারে চীনা পণ্যের বিকল্প হিসেবে পাকিস্তানের ক্রীড়াসামগ্রী স্থান করে নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য জাহরাত আদিব চৌধুরী বলেন, বাংলাদেশের সরকার ও প্রধানমন্ত্রী অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খানসহ সফররত সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


