ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুর ও সাভারের অন্তত ৮০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া শ্রমিক আন্দোলন দুপুরের দিকে আরো উত্তপ্ত হয়ে ওঠে।
সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর সাভারের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ পরিস্থিতিতে সাভারে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের মধ্যে একটি পোশাক কারখানার ঝুটের গোডাউন ও একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এসব ঘটনা ঘটে।
শ্রমিক বিক্ষোভের কারণে কালিয়াকৈরেও অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনার পর শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


