গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের আন্দোলন ঠেকাতে মাঠে নেমেছ গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
রোববার সকাল থেকে আন্দোলনকারী শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন।
দুপুরের দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে নামেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। রাস্তায় নেমে পরিবেশ শান্ত রাখার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তিনি। পরে তারা চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এমপি বলেন, ‘শ্রমিকদের দাবির প্রতি সরকার আন্তরিক। তাদের জন্য মজুরি কমিশন গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা শান্ত হয়ে মহাসড়ক থেকে চলে আসেন, কারখানা ভাঙচুর বন্ধ করেন।’
শ্রমিক, পুলিশ ও স্থানীয় বিএনপি দলীয় একাধিক সূত্র জানায়, সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সফিপুর এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এর কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার শ্রমিক জড়ো হলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। একপর্যায়ে শ্রমিকেরা পল্লী বিদ্যুৎ এলাকাস্থ এপেক্স ফুটওয়্যারের সংলগ্ন মহাসড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন। এর আগে তারা কোনাবাড়ি পুলিশ বক্সে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে চন্দ্রা পর্যন্ত কয়েকটি কারখানা ও যমুনা ব্যাংকের চন্দ্রার এটিএম বুথ ভাঙচুর করেন। এছাড়া ট্রপিকাল গার্মেন্টসসংলগ্ন একটি মার্কেটেও আগুন লাগিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক নেতা রাজিয়া বলেন, ‘দেশের সব সেক্টরে বেতন বাড়ে, শুধু আমাদের বেলায় বৈষম্য কেন?’
নাওজোর হাইওয়ে থানার ওসি জাফর আলী খান বলেন, মহাসড়ক অবরোধমুক্ত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-b6761c-720x405.webp)