নড়াইল শহরের ভাদুলীডাঙ্গা এলাকায় সমর কুমার বিশ্বাস নামে এক প্রাক্তন শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কোটি টাকার মালামাল লুটে নেন ডাকাতরা।
শনিবার গভীর রাতে বাড়ির নিচতলার জানালার রড কেটে মুখোশধারী ডাকাত দল ভেতরে প্রবেশ করে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কোটি টাকার মালামাল লুটে নেন তারা। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, আনুমানিক ৭-৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল সমর কুমার বিশ্বাসের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা সবার হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রেখে চাবি ছিনিয়ে নেয়। এরপর তিন তলা বাড়ির আলমারি ও লকার খুলে অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় এক লাখ টাকা ও একটি দামি ক্যামেরা লুট করে।
বাড়ির মালিক সমর কুমার বিশ্বাস (৭০) জানান, আমরা স্বামী-স্ত্রীসহ মোট চারজনই বাড়িতে বসবাস করি; পূজা উপলক্ষে আমার দুই মেয়ে ও জামাইরাও বেড়াতে এসেছে। আমরা রাত আনুমানিক দুইটা-আড়াইটার দিকে ঘুম থেকে জেগে ঘরে মুখোশধারী লোকজন দেখে আতঙ্কে কথা বলার শক্তি হারিয়ে ফেলি। জেগে ওঠার সঙ্গে সঙ্গেই ডাকাতরা সবার মোবাইল ফোন কেড়ে নেয় এবং অস্ত্রের মুখে আমাদের হাত-পা বেঁধে একটি কক্ষে নিয়ে আটকে রাখে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার জানান, খবর পেয়ে ঘটনার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ জোর তদন্ত চলছে। অপরাধীদের দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

