এলাকার তরুণ ও কিশোরদের মা-বাবার কাছ থেকে জমানো চাঁদার টাকায় কিনে দেওয়া পাঞ্জাবি গায়ে জড়িয়ে জাতীয় সংসদে হাজির হয়ে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় স্পিকারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।
সংসদে বক্তব্যের শুরুতে আবেগঘন কণ্ঠে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি যে পাঞ্জাবি পরে আজকে সংসদে এসেছি, আমার কিছু তরুণ-কিশোরেরা তার বাবা-মায়ের কাছ থেকে চাঁদা তুলে এলাকার সন্তানেরা এই পাঞ্জাবিটা আমাকে কিনে দিয়ে বলেছিল—এই সংসদে আপনি শরিফ ওসমান হাদির বিচারের জন্য আরেকবার কথা বলবেন।
সংসদের দক্ষিণ প্লাজায় দেওয়া সম্মিলিত প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শরিফ ওসমান হাদি যে কথাগুলো বলে গেছেন, তার প্রত্যেকটি লাইন আজকের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। পাঞ্জাবিটি পরে সংসদে আসার সময় সেই তরুণদের চোখ ছলছল করা অশ্রু এখনো তার চোখের সামনে ভাসছে বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বাউফলের এই সংসদ সদস্য বলেন, আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই—শহীদ শরিফ ওসমান হাদির বিচারটা আপনারা যেন নিশ্চিত করেন। আজকে আমার গায়ে দেওয়া এই পাঞ্জাবি শুধু নয়, আমাদের এই লাখো তরুণের আবেগের কথাটা যেন আমরা বিবেচনায় রাখি।
বক্তব্যের দ্বিতীয় অংশে নিজের নির্বাচনি এলাকা বাউফলসহ সারা দেশের ভয়াবহ নদীভাঙনের চিত্র তুলে ধরেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, নদীভাঙনের কবলে পড়ে বাউফলের ভৌগোলিক অবস্থান আজ সীমিত হয়ে আসছে। নদী ভাঙলে কেবল ভূমি ভাঙে না, এর সঙ্গে মসজিদ, মন্দির, মক্তব, স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানাসহ মানুষের সর্বস্ব বিলীন হয়ে যায়।
সর্বস্ব হারানো বাউফলবাসীকে রক্ষায় জিও ব্লক এবং ডাম্পিংয়ের মাধ্যমে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যেই পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং মন্ত্রী আশ্বস্তও করেছেন। বাউফলের ধুলিয়া, কালাইয়া, কাছিপাড়া এবং বিচ্ছিন্ন ইউনিয়ন চন্দ্রদ্বীপসহ ভাঙনকবলিত সকল এলাকাকে দ্রুত স্থায়ী বাঁধের আওতায় আনার জন্য পানিসম্পদ মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর আহ্বান জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




