তীব্র গরমের পর রাজধানীতে বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়ায় স্বস্তি

তীব্র গরমের পর রাজধানীতে বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়ায় স্বস্তি

কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীবাসী বৃষ্টির জন্য অপেক্ষায় ছিল। অবশেষে রাজধানীতে এবং ঢাকার বাইরে সিলেট ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টি হয়েছে। এতে মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

বুধবার বেলা ৩টার কিছুক্ষণ আগে থেকে বিচ্ছিন্নভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। প্রায় ৩০ মিনিটের মতো বৃষ্টি হয়েছে। এদিন দুপুর ২টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্নের পাশাপাশি হিমেল বাতাস বইতে শুরু করে। বাতাস বেশ ঠান্ডা হওয়ায় তখন থেকেই স্বস্তি অনুভূত হতে থাকে। কিছুক্ষণ পরই বৃষ্টি নামতে শুরু করে। এতে জনমনে স্বস্তি ফিরে আসে।

বিজ্ঞাপন

বিকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, বেলা ৩টা পর্যন্ত ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হলেও এরপরও বৃষ্টি হয়েছে। তিনি জানান, ঢাকার বাইরে সিলেট ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে মে মাসজুড়েই কখনো একটু বেশি গরম, আবার কখনো বৃষ্টি এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাংগাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর এবং পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে যেসব এলাকায় বৃষ্টি হবে, সেখানে তাপপ্রবাহ কমে আসতে পারে।

প্রসঙ্গত, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন