পদচ্যুত হয়ে দেশ থেকে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন ও তাঁর স্ত্রী তারিন হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেনের হদিস পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচা দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসেবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেনের তথ্য আমাদের অনুসন্ধান টিম পেয়েছ। এছাড়াও তাদের নামে জ্ঞাত আয়বহির্ভূত ১৯ কোটি ২৯ লাখ টাকার অর্জন করারও তথ্য পেয়েছি আমরা।
আক্তার হোসেন বলেন, ‘ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের ৫৫টি ব্যাংক হিসাব ব্যবহার করে ৭১৫ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ৪০৮ টাকা জমা, ৬৮৬ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ১৮৩ টাকা উত্তোলনসহ মোট ১ হাজার ৪০২ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৫৯১ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন।
দুদকের এই পরিচালক আরও বলেন, মুজিবুর রহমান চৌধুরীর স্ত্রী তারিন হোসেন স্বামীর প্রত্যক্ষ সহযোগিতায় ৮ কোটি ৫ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭টি ব্যাংক হিসাব ব্যবহার করে ৮৮১ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ৫৫০ টাকা জমা, ৮৭৮ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৭৭০ টাকা উত্তোলনসহ মোট ১ হাজার ৭৬০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৩২০ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

