আমার দেশ পরিদর্শন ও মতবিনিময়ে তথ্যমন্ত্রী

অনেক সাংবাদিক ফ্যাসিবাদের দাস হওয়ার চেষ্টা করেছে

বিশেষ প্রতিনিধি

অনেক সাংবাদিক ফ্যাসিবাদের দাস হওয়ার চেষ্টা করেছে
তথ্যমন্ত্রী ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আমার দেশ সম্পাদককে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আমার দেশ-এর কার্যালয় পরিদর্শন এবং পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার দুপুরে তিনি কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় পরিদর্শনে আসলে পত্রিকাটির সাংবাদিকরা তাকে স্বাগত জানান। এ সময় তিনি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্ত্রী আমার দেশ কার্যালয়ের বার্তা বিভাগসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল। মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন আমার দেশ-এর যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, উপসম্পাদক সুলতান মাহমুদ বাদল, ক্রীড়া সম্পাদক এম এম কায়সার, বিশেষ প্রতিনিধি এম নোমান, মাল্টিমিডিয়া প্রধান তামান্না মিনহাজ, মফস্বল সম্পাদক আবু দারদা যোবায়ের, ফটো এডিটর রফিকুর রহমান রেকুসহ পত্রিকার সিনিয়র সাংবাদিকবৃন্দ। কয়েকদিন আগে অসুস্থ হয়ে অপারেশনের পর সুস্থ হয়ে ওঠা আমার দেশ সম্পাদকের স্বাস্থ্যের খোঁজখবর নেন তথ্যমন্ত্রী।

বিজ্ঞাপন
02

আমার দেশ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী দেশের গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের সাংবিধানিক অধিকার, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গণমাধ্যমের ওপর নিপীড়নের বিষয় নিয়ে কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং সাংবাদিকদের সবরকম সুরক্ষা নিশ্চিতে বর্তমান সরকারের অঙ্গীকার ও বিএনপির নির্বাচনি ইশতারের বিভিন্ন প্রসঙ্গও ওঠে আসে মতবিনিময়ে। সংবাদমাধ্যমের সামনে বিদ্যমান চ্যালেঞ্জ, সংবাদপত্রের প্রচার সংখ্যা নিয়ে বিভ্রান্তি এবং সাংবাদিকদের ওয়েজবোর্ড বিষয়েও কথা বলেন মন্ত্রী।

পরে আমার দেশ মাল্টিমিডিয়ার সঙ্গে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আমরা গণমাধ্যমের নিয়ন্ত্রণকারী হবো না। গণমাধ্যমের অনেক স্টেকহোল্ডার রয়েছে। সরকারও একটি স্টেকহোল্ডার হিসেবে ভূমিকা রাখবে। আমরা সবাই চাই দেশের গণতন্ত্র একটি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হোক। অপতথ্য ও ভুল তথ্য থেকে দেশবাসীকে সুরক্ষা দেওয়ার দায়িত্বও সরকারের। এটি নিয়েও সরকার কাজ করছে।

03

সাংবাদিকদের সুরক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, সংবাদ প্রকাশের জের ধরে কোনো সাংবাদিক যাতে অযথা হয়রানির শিকার না হন, সরকার সেই ধরনের সুরক্ষা দেবে। পেশাগত কারণে সাংবাদিক বিপদ্‌গ্রস্ত হলে সরকার পাশে থাকবে। তবে কোনো সাংবাদিক ফৌজদারি অপরাধ করলে তার দায়দায়িত্ব সরকার নেবে না। সেটার দায় ওই সাংবাদিকেরই।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর গণমাধ্যম দেশে মুক্ত পরিবেশ পেয়েছে। এটাও ঠিক ফ্যাসিবাদের আমলে কিছু কিছু গণমাধ্যম অনেক চ্যালেঞ্জের মধ্যেও সাহসিকতার সঙ্গে স্বাধীনতার চর্চা করতো। অনেকে আবার তা করতো না কিংবা নিজে থেকেই ফ্যাসিবাদের দাস হওয়ার চেষ্টা করেছে, সেটাও দেশবাসী প্রত্যক্ষ করেছে। ফ্যাসিবাদী শাসনে দৈনিক আমার দেশ-এর সাহসী ভূমিকার প্রশংসা করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মন্ত্রী বলেন, গণমাধ্যমকে রাষ্ট্র কতটা নিয়ন্ত্রণ করছে, সেটার চেয়েও বড় কথা হচ্ছে- গণমাধ্যমের নীতি নির্ধারকরা কতটা স্বাধীন থাকতে চাচ্ছেন। গণমাধ্যমের মতো একটি মঞ্চের নীতি নির্ধারকরা কতটা মুক্ত চিন্তা করেন আর কতটা গোষ্ঠীগত কিংবা দল বা আদর্শের দাস হিসেবে থাকতে চান, সেটাও একটি বড় প্রশ্ন।

04

স্বাধীন দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার হচ্ছে মুক্ত গণমাধ্যমের একটি স্টেকহোল্ডার উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আমার দেশকে বলেন, অনেক স্টেকহোল্ডার নিয়েই মুক্ত গণমাধ্যমের বিকাশ হয়। আমাদের লক্ষ্য হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা- যেটা ফ্যাসিস্ট আমলে হয়নি। আমাদের নির্বাচনি ইশতেহারেও এটি পরিস্কার করে বলা হয়েছে। আমরা অত্যন্ত সজাগ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানেরও নির্দেশনা রয়েছে- আমাদের সরকার গণমাধ্যমের নিয়ন্ত্রক হবে না। আমরা হবো মুক্ত গণমাধ্যমের সহায়ক শক্তি।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাধীন সাংবাদিকতার চর্চা করতে গিয়ে কেউ অসুবিধায় পড়লে সরকার তার পাশে দাঁড়াবে ও সব ধরনের সহযোগিতা করবে। কিন্তু কেউ যদি ফৌজদারি অপরাধ করে আইনের আওতায় চলে আসে, সেক্ষেত্রে সেটি আইনগতভাবে নিষ্পত্তি হবে। সরকার এখানে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এটি গণমাধ্যম সংক্রান্ত নীতিমালার মধ্যেও পড়বে না। আমরা চাই, সবাই আইনের সুরক্ষা সবাই পাবেন। সাংবাদিকদের চাকরির নিরাপত্তা বিধানের কথাও বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন