ক্যাম্পাস-গবেষণা নেই, শুধু সার্টিফিকেট বাণিজ্য, সংসদে বিএনপি এমপি

ক্যাম্পাস-গবেষণা নেই, শুধু সার্টিফিকেট বাণিজ্য, সংসদে বিএনপি এমপি

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে নির্ধারিত কাঠামো থাকলেও দেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় তা যথাযথভাবে মানছে না বলে অভিযোগ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন। তার অভিযোগ, একটি ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে অনেক বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বাণিজ্য করছে। এসব প্রতিষ্ঠানে গবেষণারও পর্যাপ্ত সুযোগ নেই।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

এর আগে লিখিত প্রশ্নে জয়নাল আবদিন জানতে চান, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যয় সহজলভ্য করতে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না।

জবাবে শিক্ষামন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যয় সহজলভ্য করতে আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে।

সম্পূরক প্রশ্নে জয়নাল আবদিন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে নির্ধারিত কাঠামো থাকলেও অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় তা যথাযথভাবে অনুসরণ করছে না। একটি ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে অনেক বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বাণিজ্য করছে। এসব প্রতিষ্ঠানে গবেষণারও সুযোগ নেই।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে দলীয় বিবেচনায় অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। ফলে দেশে ব্যাঙের ছাতার মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় বেড়েছে।

এ অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী মানসম্মত শিক্ষা, গবেষণা এবং পর্যাপ্ত ক্যাম্পাস নেই—এমন বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ নেবে কি না, জানতে চান তিনি।

জবাবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, এ বিষয়ে সংসদ সদস্য বিস্তারিত তথ্য জানতে চাইলে নোটিশ দিলে তা সরবরাহ করা সম্ভব হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন