সংখ্যালঘুদের ওপর অত্যাচার সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব: ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সংখ্যালঘুদের ওপর অত্যাচার সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেছেন, ‘আমার দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার কোনোভাবেই সহ্য করব না। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব।’

বিজ্ঞাপন

সোমবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি মুসলমানদের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা জানতে চাইলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ভারত সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। তারা বড় দেশ। তবে মনের থেকে আরও বেশি শ্রদ্ধা করব যদি তারা ওই দেশের সংখ্যালঘুদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং তাদের জনগণের অংশ হিসেবে গ্রহণ করে।

তিনি আরও বলেন, ‘ভারতে কী ঘটছে এটা বড় নয়। ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটতে দেওয়া হবে না। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীর ওপর অত্যাচার, অবিচার বা জুলুম সহ্য করব না, ইনশাআল্লাহ।’

ধর্মমন্ত্রী বলেন, সরকাপ্রধান বিষয়টি নিয়ে ভাবছেন।

বিএনপি সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অনেকেই মেনে নিতে পারছেন না।

সরকারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ক্ষমতার স্বাদ পায়নি, তারাই ষড়যন্ত্রে লিপ্ত। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, গণতন্ত্র ও সমাজকে সঠিক পথে রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের ভুল থাকলে তা তুলে ধরার পাশাপাশি তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করতে হবে।

তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজে নানা ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র ও বিভ্রান্তি থাকে। এসব বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার স্বল্প সময়ের মধ্যেই কৃষক কল্যাণসহ বিভিন্ন জনমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং এসব উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, হজযাত্রীদের সমস্যা সমাধানে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। খাবারের মান নিয়ে অভিযোগ উঠলে যাচাই-বাছাই করে দেখা গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানসম্মত খাবার সরবরাহ করছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যয়ও কমানো হয়েছে।

সমাজে মাদক, জুয়া ও অপরাধ দমনে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, গ্রামগঞ্জে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং যারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন