কাতারে তিন বছরের মিশনে যাচ্ছেন নৌবাহিনীর ২৪ সদস্য

কাতারে তিন বছরের মিশনে যাচ্ছেন নৌবাহিনীর ২৪ সদস্য

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে (কিউসিবিএসডি) দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্যের একটি দল ঢাকা ত্যাগ করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৬) ভোররাতে তারা কাতারের উদ্দেশে ঢাকা ছাড়েন। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে তিন বছর মেয়াদে নির্ধারিত দায়িত্ব পালন করবেন তাঁরা।

এর আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক কাতারে দায়িত্ব পালনে নিয়োজিত নৌসদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে তাঁদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ নৌবাহিনী ২০১২ সাল থেকে কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে দায়িত্ব পালনের জন্য নিয়মিত নৌসদস্য পাঠিয়ে আসছে। সেখানে নিয়োজিত বাংলাদেশি নৌসদস্যরা তাঁদের দক্ষতা, পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার মাধ্যমে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন।

নতুন নিয়োগপ্রাপ্ত নৌসদস্যরা কাতারের উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক টহল, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন নিরাপত্তামূলক দায়িত্ব পালন করবেন।

নৌসদস্যদের এ দায়িত্ব পালনের মাধ্যমে কাতারের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনায় দক্ষ জনবল ও অভিজ্ঞতার সংযোজন ঘটবে। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি জাতীয় রেমিট্যান্স প্রবাহেও তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কাতারে দায়িত্ব পালনে ২৪ নৌসদস্যের এ যাত্রা আন্তর্জাতিক পরিমণ্ডলে নৌবাহিনীর পেশাগত দক্ষতা ও অবদানের ধারাবাহিকতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন