রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় আরিফুর রহমান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থলে ফালু মিয়া (৫৫) নামে আরও একজন নিহত হয়েছেন। নিহতরা পোস্তগোলার ভাঙারির দোকানে কাজ করতেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় আরিফুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরিফুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই মনির জানান, আমার ভাই পোস্তগোলার একটি পুরোনো লোহা কেনাবেচার দোকানে কর্মচারী ছিলেন। সকালে আমার ভাই ও তার সঙ্গে ফালু মিয়া নামের আরও একজনকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে উত্তরা জসীমউদ্দীন রোড এলাকায় যাচ্ছিলেন। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই ফালু মিয়ার মৃত্যু হয়। আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি পাবনা জেলার বেড়া থানার বেতবাড়িয়া গ্রামে। আরিফুর রহমান আউয়াল মোল্লার ছেলে। বর্তমানে ডেমরার কোনাপাড়ায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি, বিমানবন্দর থানার আওতাধীন উত্তরা জসীমউদ্দীন রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে একজন নিহত হন। পরে আহত আরেকজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে তিনিও মারা যান। এ ঘটনায় কাভার্ড ভ্যান ও চালক বিমানবন্দর থানা-পুলিশের হেফাজতে রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


