প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অর্পিত দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করতে নব নিয়োগপ্রাপ্ত অফিস সহায়কদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে নব নিয়োগপ্রাপ্ত অফিস সহায়কগণের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আইসিটি বিভাগের নতুন নিয়োগপ্রাপ্তদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া এবং সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা।
তিনি বলেন, প্রায় ৯৭ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে, যা একটি বিশ্বাসযোগ্য নিয়োগ ব্যবস্থার দৃষ্টান্ত।
বিশেষ সহকারী বলেন, উপজেলা পর্যায়ে ডিওআইসিটি অফিসগুলোই স্থানীয় জনগণের কাছে সরকারের ডিজিটাল রূপান্তরের প্রতিচ্ছবি। তাই নাগরিকদের অনলাইন সেবা, নিবন্ধন, তথ্যপ্রযুক্তি ও সাইবার সিকিউরিটি সহায়তায় নব নিয়োগ প্রাপ্তদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইতোমধ্যে উপজেলা কার্যালয়গুলোতে ল্যাব সুবিধা, প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মাঠপর্যায়ে অন্যান্য সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়, আইটি সাপোর্ট প্রদান এবং স্থানীয় উদ্যোক্তা ও নাগরিক সেবা কার্যক্রমে সহযোগিতা করা আইসিটি বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি কর্মকর্তাদের নিজ উদ্যোগে আইটি দক্ষতা ও প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান, যাতে তারা ডিজিটাল সেবার মান আরও উন্নত করতে পারেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

