রাজধানীর লালবাগ এলাকায় রাস্তার উপর সবজি, মাছ, মুরগি ইত্যাদির দোকান বসিয়ে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে ছয় জনকে ৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
লালবাগ থানা সূত্রে জানা যায়, আসামিরা ৮-১০ বছর যাবৎ লালবাগ এলাকার বিভিন্ন স্থানে রাস্তা দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। পুলিশের বারবার নির্দেশনা ও জরিমানা সত্ত্বেও তারা অবৈধভাবে পুনরায় ফিরে এসে দোকান বসানো অব্যাহত রাখেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে লালবাগ থানা পুলিশ ৫ অক্টোবর রাতে তাদের গ্রেপ্তার করে।
সোমবার লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আরিফুর রহমান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
অন্যদিকে, একই আদালতে কোতয়ালী থানা পুলিশের দায়ের করা পৃথক মামলায় মিটফোর্ড হাসপাতালে এক নারী রোগীর ব্যাগ থেকে চার হাজার ৫০০ টাকা চুরির অভিযোগে এক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার সকাল আনুমানিক ১১ টায় মিটফোর্ড হাসপাতালে চুরির এ ঘটনাটি ঘটে। কোতয়ালী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করে লালবাগ সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জনসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


