ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের উদ্বোধন করা হয়েছে। এর ফলে লোকেশন-সি থেকে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
শনিবার দুপুর ১২টার দিকে কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জ্বালানি সচিব খাইরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিএফসিএল সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর তিতাস-২৮ কূপের খননকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান সানকুইন ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিসিডিসি) এ কাজ করছে। এর আগে গত বছরের ১০ এপ্রিল সম্পাদিত চুক্তির আওতায় রিগ ফাউন্ডেশন নির্মাণ, খননযন্ত্র ও প্রয়োজনীয় মালামাল মোবিলাইজেশনের কাজ শেষ করা হয়।
জাতীয় জ্বালানি চাহিদা পূরণে বিজিএফসিএলের আরও কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় চারটি কূপে গ্যাসের মজুত যাচাই ও উৎপাদনের কাজ এবং দুটি গভীর অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাতটি কূপের ওয়ার্কওভার এবং তিতাস গ্যাসক্ষেত্রের দুটি লোকেশনে ছয়টি ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের কাজ চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


