মালয়েশিয়ায় যেতে কত খরচ পড়বে, জানালেন প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় যেতে কত খরচ পড়বে, জানালেন প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। তিনি বলেছেন, মেডিকেল পরীক্ষা শুরু হওয়ার দু-চার দিনের মধ্যেই কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন। সরকারি সংস্থা বোয়েসেলের মাধ্যমে যেতে একজন কর্মীর প্রায় ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হতে পারে।

বিজ্ঞাপন

বুধবার রাজধানীর একটি হোটেলে উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নুরুল হক বলেন, নভেম্বরের শুরুতেই মালয়েশিয়ার মেডিকেল পরীক্ষা শুরু হলে দু-চার দিন পর থেকেই কর্মীরা যেতে পারবেন। নভেম্বরের ১ তারিখ বা প্রথম সপ্তাহেই ফ্লাইট শুরু হতে পারে।

তিনি বলেন, মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে মেডিকেল পরীক্ষাকেন্দ্রগুলোর তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মালয়েশিয়ার কর্তৃপক্ষও তাদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করবে। মেডিকেল পরীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। ৩১ অক্টোবরের মধ্যে মালয়েশিয়া চূড়ান্ত তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, মেডিকেল পরীক্ষার খরচ নির্ধারণের বিষয়ে বুধবার আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মালয়েশিয়ায় যেতে মোট কত খরচ হবে, তা-ও নির্ধারণ করা হবে। আশা করা হচ্ছে, নভেম্বরে সব প্রক্রিয়া চালু হবে।

নুরুল হক জানান, বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় যেতে আনুমানিক ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হতে পারে। বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর খরচও হিসাব করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন