ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝআকাশে দরজা খুলে গিয়ে বড় ধরনের বিপত্তিতে পড়েছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরবর্তীতে পাইলট বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে বাধ্য হন। তবে নামানোর পর এয়ার অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ ওই নারী রোগীকে আর বাঁচানো সম্ভব হয়নি।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ঢাকায় অবতরণের পর অঞ্জনা ভৌমিক নামের ওই রোগীকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, মারা যাওয়া ওই নারী ভারতীয় নাগরিক। উড়োজাহাজে তার সঙ্গে ছিলেন চিকিৎসক ড. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই স্বজন সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রী তালিকায় তাদের সবার জাতীয়তা ‘ভারতীয়’ বলে উল্লেখ রয়েছে।
এয়ার অ্যাম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভারতের ‘এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড’। সি-৯০এ (C90A) মডেলের বিমানটির নিবন্ধন নম্বর ‘ভিটি-এইচওয়াইএ’ (VT-HYA)। এটি ভারতের আগরতলা থেকে যাত্রী নিয়ে কলকাতায় যাচ্ছিল।
বিমানটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহ-পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ এয়ার অ্যাম্বুলেন্সটিতে মোট সাতজন আরোহী ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


