সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে 'প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে' অনুদান প্রদান করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলনের হাতে অনুদানের ৫ লাখ টাকার চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ থেকে ৯ ডিসেম্বর বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জরুরি আর্থিক সহায়তা দিতে এ অনুদান দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড বিশ্বের বিভিন্ন দেশের স্কুল শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের একটি অন্যতম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি তাদের মেধা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে বিজ্ঞানচর্চাকে আরও উৎসাহিত করবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ব্যাংকের পরিচালক ও পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি (সেবা) আহম্মদ মুঈদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


