উত্তর-দক্ষিণা বায়ুর সংমিশ্রণের প্রভাবে বুধবার থেকে তিন দিন দেশের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এ সময় রাজধানী ঢাকাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, মঙ্গলবার পর্যন্ত সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক এবং তাপমাত্রা বাড়তে পারে। এরপর বুধবার থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় তিন দিন বৃষ্টি ঝরতে পারে। এটা মূলত উত্তর-দক্ষিণা বায়ুর সংমিশ্রণে ঘটবে।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ আব্দুল হামিদ আমার দেশকে বলেন, মৌসুমি বায়ু বিদায়ের মধ্য দিয়ে বর্ষা মৌসুমের শেষ হলেও বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে উত্তর-দক্ষিণা বায়ুর সংমিশ্রণে আগামী বুধবার থেকে তিন দিন দেশের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এ সময় রাজধানীতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে লঘুচাপটি দুর্বল অবস্থায় বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে হওয়ায় এর তেমন কোনো প্রভাব নাও পড়তে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, দেশে মোট বৃষ্টিপাতের প্রায় ৭২ শতাংশ বর্ষাকালে, ৮ শতাংশ মার্চ-এপ্রিলে, ২ শতাংশ শীতকালে এবং বাকি ১৮ শতাংশ অন্যান্য সময়ে হয়ে থাকে। এ ছাড়া অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলে তার প্রভাবেও বৃষ্টিপাত হতে পারে।
সোমবার সারাদেশে কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। তবে আগের কয়েক দিনের তুলনায় তাপমাত্রা বেড়েছে। এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি।
আগের দিন রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চট্টগ্রামের সন্দ্বীপে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়ার পরিবর্তনের দিকে বিশেষ নজর রাখার প্রয়োজনের কথা জানিয়েছে সংস্থাটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


