নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে দগ্ধ অবস্থায় ওই দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। অগ্নিকাণ্ডে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। উভয়েরই শ্বাসনালি পুড়ে গেছে।
ডা. সুলতান মাহমুদ শিকদার আরো জানান, দগ্ধ দুজনকেই হাসপাতালে ভর্তি রেখে সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তবে উভয়ের অবস্থাই আশঙ্কাজনক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


