জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

হাসিনা-মোদির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান

স্টাফ রিপোর্টার

হাসিনা-মোদির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় বেইমান ও ফেরারি আসামি আখ্যা দিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। সংগঠনের সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, দেশ অস্থিতিশীল করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহায়তায় ষড়যন্ত্র করছেন আওয়ামী লীগ নেত্রী। তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গত বুধবার রাতে ভারতের আশ্রয়ে থেকে পতিত ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে যে ভাষণ দিয়েছেন, তার কঠোর সমালোচনা করেছেন ফয়জুল হাকিম। তিনি বলেন, এ ভাষণ বাংলাদেশকে ভারতের ঔপনিবেশ করার হাসিনা-মোদির চক্রান্তের অংশ।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার সেনাবাহিনীর গণহত্যার বিরুদ্ধে যেভাবে তৎকালীন পূর্ববাংলার জনগণ রুখে দাঁড়িয়ে প্রতিরোধ যুদ্ধকে স্বাধীনতাযুদ্ধে বিকশিত করেছিলেন, ঠিক তেমনি জুলাই বিপ্লবের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া নতুন বাংলাদেশকে সাম্রাজ্যবাদী ভারতের শৃঙ্খল থেকে ভারতের পদলেহী আওয়ামী-বাকশালী চক্রের ষড়যন্ত্র থেকে মুক্ত করতে হবে। অভ্যুত্থানকে বিকশিত করে ফ্যাসিবাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, আমলাতান্ত্রিক ভিত্তিভূমি উচ্ছেদের দিকে এগিয়ে নিতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ছাত্র-শ্রমিক-জনতার রাজনৈতিক ক্ষমতাকে ‘সংস্কার কমিশনের’ গণ্ডির মধ্যে বেঁধে ফেলে একে যে ‘গণতান্ত্রিক চেহারা’ দিতে অন্তর্বর্তী সরকার ব্যস্ত আছে, তাতে বিদ্যমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। সংবাদ বিজ্ঞপ্তি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন