২০ মাসের বকেয়া বেতন-ভাতা আদায়সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা।
মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির সামনে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী-অভিভাবক এবং স্থানীয় কিছু ব্যক্তি অংশগ্রহণ করেন।
এ সময় বঞ্চিত শিক্ষকদের পক্ষে সৈয়দা আরিফুন নাহার বলেন, আমরা দীর্ঘ ২০ মাসের বেতন-ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে খুবই দুর্দশার মধ্যে দিনাতিপাত করছি। একইসঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সীমাহীন দুর্নীতি ও অরাজকতার শিকার হচ্ছি।
তিনি অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠানের বিভিন্ন খাত থেকে আয়কৃত অর্থ নামমাত্র ব্যাংকে জমা দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগম ও তার সিন্ডিকেটের কয়েকজন মিলে নামে বেনামে বেশিরভাগ নগদ অর্থ সরিয়ে ফেলেন। ২০২১ থেকে ২০২৬ শিক্ষাবর্ষের মধ্যে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের সীমাহীন দুর্নীতি ও অদক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সংখ্যা দিনে দিনে হ্রাস পাচ্ছে। তিনি সমিতি ও সিন্ডিকেট গঠনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে গ্রুপিং এবং বৈষম্য সৃষ্টি করে প্রতিষ্ঠানের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টি করছেন।
সৈয়দা আরিফুন নাহার আরো বলেন, সাধারণ শিক্ষকরা বেতন-ভাতার কথা বললেই সিন্ডিকেটের শিক্ষকরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষ নিয়ে সাধারণ শিক্ষক-কর্মচারীদেরকে দেখে নেয়ার হুমকি-ধামকি দেন। আমরা সাধারণ শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতার কথা বললেই আমাদেরকে শোকজ করা হয় এবং চাকরিচ্যুতির ভয় দেখানো হয়।
এদিকে মানববন্ধনকারীরা জানান, মঙ্গলবার বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধনের আগাম সংবাদ পেয়ে সরকারি কোনো ছুটির ঘোষণা না থাকলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেবাইল এসএমএসের মাধ্যমে অনিবার্য কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

