খোলা বাজারে ডলারের দর বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা

খোলা বাজারে ডলারের দর বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা
ডলার, ফাইল ছবি

খোলা বাজারে ডলারের দাম আরও বেড়েছে। রাজধানীর মতিঝিলের মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকা ৭০ পয়সায়। এর নিচে কোথাও ডলার পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, আগের দিনও প্রায় একই দামে নগদ ডলার বিক্রি হয়েছে। তবে গত কয়েক দিন ধরে খোলা বাজারে প্রতি ডলার ১২৯ টাকায় বিক্রি হয়ে আসছিল।

অন্যদিকে, ব্যাংকগুলোতে আমদানি ঋণপত্রের (এলসি) বিপরীতে ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকা ৪০ পয়সায়। আগের দিন এ দর ছিল ১২৫ টাকা ৩০ পয়সা। গত ১৮ নভেম্বর প্রতি ডলারের দর ছিল ১২৫ টাকা ৫ পয়সা। এদিন ব্যাংকগুলো রেমিট্যান্স সংগ্রহ করছে ১২৬ টাকা দরে।

অপরদিকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দর বেড়ে দাঁড়িয়েছে ১২৪ টাকা ৭৫ পয়সায়।

এদিকে নগদ ডলার বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ২৫ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলো নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত বিসি (বিলস ফর কালেকশন) সেলিং রেটের বেশি দাম নিতে পারবে না।

নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে সাধারণত টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট বিনিময় হার অনুসরণ করা হয়। আর বিক্রির ক্ষেত্রে বিসি বিনিময় হার ব্যবহার করা হয়। নগদ বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় বিসি সেলিং রেটকে সর্বোচ্চ বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে ব্যাংকগুলোর অনুমোদিত ডিলার (এডি) শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...