হাসিনা বেঁচে থাকলে দেশের গণতন্ত্র নিরাপদ নয়: হুইপ দুলু

হাসিনা বেঁচে থাকলে দেশের গণতন্ত্র নিরাপদ নয়: হুইপ দুলু
ছবি: আমার দেশ

যত দিন শেখ হাসিনা বেঁচে থাকবেন, তত দিন বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, আওয়ামী লীগের নৈরাজ্য, অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। যেকোনো অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের বিরুদ্ধে’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে দুলু বলেন, ‘শেখ হাসিনা নাকি ১৬ ডিসেম্বর আসবেন। আসলে তিনি একটি নাটক করবেন। তিনি কীভাবে বিমানে উঠবেন? তিনি তো বিমানে উঠতে পারবেন না। কারণ, বাংলাদেশের বিচারে তিনি খুনি ও দণ্ডপ্রাপ্ত। তার পাসপোর্টও বাতিল হয়ে গেছে। এ কারণে বাংলাদেশ ভারত সরকারের কাছে তাকে ফেরত চাইছে। আইন অনুযায়ী, ভারত সরকার একজন আসামিকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। এরপর তার ফাঁসি বা সাজা কার্যকর করা হবে।’

তিনি বলেন, ‘দেশে ফেরার ঘোষণা দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরছাড়া করছেন। শেষ পর্যন্ত তিনি দেশে আসবেন না। তখন বলবেন, তাকে আসতে দেওয়া হয়নি। এভাবে তিনি আবারও আওয়ামী লীগের নেতাকর্মীদের হতাশ করবেন। আওয়ামী লীগ ও শেখ হাসিনা যত দিন থাকবেন, তত দিন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না।’

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে হুইপ দুলু বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি, ব্যাংক ও শিল্পকারখানাসহ বিভিন্ন খাত ধ্বংস করেছে। পাচার করা অর্থ ব্যবহার করে দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি।

সাংবাদিকদের প্রসঙ্গ টেনে দুলু বলেন, দীর্ঘদিন সাংবাদিকদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ডিজিটাল আইনের মতো বিশেষ আইন ব্যবহার করে সত্য প্রকাশে বাধা দেওয়া হয়েছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গণঅভ্যুত্থান তথা ৫ আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সরকারে এবং ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী বিরোধী দলে রয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

গোপালগঞ্জ ও মাদারীপুরের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে দুলু অভিযোগ করেন, সেখানে থানা, উপজেলা পরিষদ ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে। তবে বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এলাকার সংসদ সদস্য ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় পাহারার ব্যবস্থা করা হয়েছে। অগ্নিসন্ত্রাস ও ককটেল হামলার মতো ঘটনা চিরতরে নির্মূল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ১৬ ডিসেম্বরকে সামনে রেখে সম্ভাব্য অস্থিতিশীলতা সৃষ্টি ও আতঙ্ক ছড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে হুইপ দুলু বলেন, প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ এলাকায় পাহারার ব্যবস্থা করা এবং সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া। এ লক্ষ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি আরো বলেন, দণ্ডপ্রাপ্ত ও পাসপোর্ট বাতিল হওয়া কোনো ব্যক্তি স্বাভাবিক প্রক্রিয়ায় বিমানে উঠতে পারেন না। ভারতের সঙ্গে বিদ্যমান আইন ও নিয়ম অনুযায়ী তাকে ফেরত এনে বিচার ও রায় কার্যকরের বিষয়টি নিশ্চিত করতে হবে।

দুলু বলেন, জনগণের আন্দোলনে ক্ষমতাচ্যুত কোনো শক্তিই অতীতে ফিরে আসতে পারেনি, ভবিষ্যতেও আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার কোনো সুযোগ নেই। দেশের শান্তি ও গণতান্ত্রিক ধারা রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...