জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে একটি হাসপাতাল, প্রবীণদের বাড়িতে সেবা দেওয়ার নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।
বুধবার এসব কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন জুবাইদা রহমান। এ সময় তাকে ক্লিনিকের উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে জানানো হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ক্লিনিকটিতে এমন একটি সিটি স্ক্যানার রয়েছে, যা বিশ্বে মাত্র পাঁচটি স্থানে আছে বলে তাদের দাবি। এ ছাড়া তিনি ক্লিনিকের পেট-সিটি ও এমআরআই সুবিধা এবং বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন।
পরে টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার হংগো পরিদর্শন করেন তিনি। সেখানে নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুরের খাবারের পর ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন জুবাইদা রহমান। সেখানে জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন দেখেন তিনি।
বিকেলে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন জুবাইদা রহমান। দিনের কর্মসূচির শেষ দিকে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


