উত্তর ও দক্ষিণ সিটির সেই দুই কর্মকর্তাকে বরখাস্তের আদেশ জারি

স্টাফ রিপোর্টার

উত্তর ও দক্ষিণ সিটির সেই দুই কর্মকর্তাকে বরখাস্তের আদেশ জারি

কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে দায়িত্ব থেকে সরানো সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে এবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে সাময়িক বরখাস্ত করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে এই দুই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল। তারা দুজনই সরকারের উপসচিব।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তানুযায়ী ১ জুন থেকে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

এর আগে কোরবানির ঈদের পর দিন গত শুক্রবার কোনো প্রোটোকল ছাড়াই প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন।

রাজধানীর এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার কিছু স্থানে কোরবানির বর্জ্যসহ আগের জমে থাকা ময়লা-আবর্জনা রাস্তার ওপরেই পড়ে থাকতে দেখেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে দায়িত্ব অবহেলার জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ওই দিনই তাদের সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন