ফুলবাড়ীতে যুবককে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে মানববন্ধন

ফুলবাড়ীতে যুবককে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে মানববন্ধন
ছবি: আমার দেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে গরুচোর সন্দেহে মারধরের শিকার চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে পিটুনিতে নিহত হয়েছেন রুহুল আমিন (৩৫) নামের এক যুবক। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নিহত যুবকের মরদেহ নিয়ে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

বিজ্ঞাপন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী (নাউয়ার মোড়) এলাকায় শনিবার বিকেল ৫টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় রুহুল আমিনের মরদেহ গ্রামে পৌঁছালে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। মানববন্ধনে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন রইচ উদ্দিন, নিহতের ভাই রাশেদ, রফিকুল ইসলাম ও শাহিনুর রহমান প্রমুখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে একই গ্রামের সামিউল মুন্সির গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়। শুক্রবার সকালে ফুলবাড়ী পৌর বাজারে অম্রবাড়ী গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদকে (২৭) ওই গরুসহ আটক করা হয়। পরে তাকে অম্রবাড়ী গ্রামে নিয়ে এসে গরু চোর সন্দেহে মারধর করা হয়।

এ সময় তার চাচাতো ভাই—একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩৫) বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টায় তার মৃত্যু হয়।

এই সংঘর্ষে অম্রবাড়ী গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০), তাঁর ছেলে মহিন আলী (২০), মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) ও রাশেদ ইসলাম আহত হন।

শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন।

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামিম হোসেন বলেন, "ঘটনাটি অত্যন্ত অমানবিক। কেউ অপরাধ করলে তার বিচার করার জন্য আইন রয়েছে। আইন কারও হাতে তুলে নেওয়া ঠিক নয়।" তিনি নিহতের পরিবারের দাবি অনুযায়ী দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "গরু চোর সন্দেহে অম্রবাড়ী এলাকায় রুহুল আমিনকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন