সারাদেশে বৃষ্টির সঙ্গের বেড়েছে ভ্যাপসা গরমের দাপট। হঠাৎ তাপমাত্রা কিছুটা বেড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী দুইদিন বৃষ্টি আরো হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার রাতে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আমার দেশকে বলেন, আরো দুইদিন সারাদেশেই কমবেশি বৃষ্টি থাকতে পারে। তবে আগামী ২ এপ্রিল থেকে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসাথে তাপমাত্রাও কিছুটা বেড়ে গরম বাড়তে পারে।
ভ্যাপসা গরমের বিষয়ে তিনি বলেন, আকাশ মেঘলা থাকলে স্বাভাবেই একটু গরম অনুভুত হয়। আগামী ২ এপ্রিল থেকে তাপমাত্রা বেড়ে গরম আরো বাড়তে পারে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর আকাশ কালোমেঘে ছেয়ে যায় এবং আকাশে বিদ্যুৎ চমকানোসহ ঝড়ো হাওয়া বইছিল। এদিন সন্ধ্যায় সংস্থাটির সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টায় ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেইসাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া ঢাকাসহ আট বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এভাবে আগামী বুধবার নাগাদ একই অবস্থা বিরাজ করতে পারে।
সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র বলছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৬১টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এছাড়া পাবনার ইশ্বরদীতে ২২, যশোরে ১৬, খুলনায় ১৩, সাতক্ষীরায় ১২, সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ১১, সিলেটে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় রাজধানী ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ ও বরিশালে সামান্য বৃষ্টি হয়েছে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

