স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ঝামেলা সৃষ্টির আশঙ্কায় গাজীপুরের কাপাসিয়ায় নাটক মঞ্চস্থ করা হয়নি। এখানে ধর্মীয় কোনো কারণ ছিলো না। মঞ্চ ভাঙ্গার কোনো ঘটনাও ঘটেনি। কিন্তু ধর্মীয় কারণে নাটক মঞ্চস্থ করা যায়নি বলে কিছু কিছু সংবাদপত্র বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে।
শুক্রবার পুলিশ সদর দপ্তরের ভেরিফায়েড ফেস বুক পেজে এ বিষয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে।
তাছাড়া সংবাদপত্রসমূহে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম ও খতিব আজিজুল হকের যে উদ্ধৃতি ছাপা হয়েছে সেটি তিনি বলেননি বলে জানান।
স্ট্যাটাসে বলা হয়েছে, গত ৩ এপ্রিল অনুমান ১০টায় গাজীপুর জেলার কাপাসিয়া থানার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক শামসুল হকের নেতৃত্বে বাজারের লোকজন মিলে ঈদকে সামনে রেখে ‘আপন দুলাল’ নাটকটি মঞ্চায়িত করার জন্য মহড়া করে।
উক্ত নাটকটি স্থানীয় বিএনপির জুনিয়র নেতৃবৃন্দ আয়োজন করার কারণে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের সাথে ঝামেলার সৃষ্টির আশঙ্কায় উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমানের অনুরোধে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক শামসুল হককে নাটক মঞ্চস্থ করার জন্য নিষেধ করলে নাটকে অংশগ্রহণকারীরা তাদের সিনিয়র নেতার কথা মেনে নাটক মঞ্চস্থ করা হতে বিরত থাকে।
প্রকৃতপক্ষে, এতে মঞ্চ ভাঙ্গার কোন ঘটনা ঘটেনি। নাটকে অংশগ্রহণকারীরা বিএনপির স্থানীয় জুনিয়র ও সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কা হওয়ায় সমঝোতার ভিত্তিতে নাটকটি মঞ্চস্থ করা হতে বিরত থাকে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

