টিকিট কালোবাজারীদের সতর্কবার্তা দিয়েছে রেল মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বার্তা দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে সকল আন্তঃনগর ট্রেনের টিকেট রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করেছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রয়ের চেষ্টা করছে।
এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকেট ক্রয় করে প্রতারিত না হবার জন্য সর্বসাধারণকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া টিকেট কালোবাজারীর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
টিভি স্ক্রলে প্রচারের জন্য বার্তাঃ
বাংলাদেশ রেলওয়ের টিকেট কালোবাজারে বিক্রয়ের মাধ্যমে যাত্রী হয়রানি ও প্রতারণা প্রতিরোধে সর্বসাধারণকে রেল সেবা অ্যাপ অথবা সরাসরি রেল স্টেশনের টিকেট কাউন্টার থেকে টিকেট ক্রয়ের জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

