গণঅভ্যুত্থানে নিহতরা শহীদ, আহতরা যোদ্ধা স্বীকৃতি পাবেন

গণঅভ্যুত্থানে নিহতরা শহীদ, আহতরা যোদ্ধা স্বীকৃতি পাবেন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিষয়ে ‘জুলাই অধিদপ্তর’ নামে একটি পৃথক অধিদপ্তর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় অভ্যুত্থানে নিহতদের ‘শহীদ’ ও আহতদের ‘যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেবে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সোমবার ডিসি সম্মেলনের কার্য-অধিবেশনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের সনদ দেওয়ার ব্যবস্থাও থাকবে। শহীদদের পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং যোদ্ধারাক্যাটাগরিভিত্তিক তিন থেকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়াও যোদ্ধাদের মাসিক ১৫ ও ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। তিনি বলেন, ক্যাটাগরি-৩ এর যোদ্ধারা পুনর্বাসন ও সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

বিজ্ঞাপন

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়েছে। এর বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। পরবর্তীতে যে সরকারই দেশ পরিচালনার দায়িত্বে আসবে, তারাও অন্তর্বর্তী সরকারের এ ধারাবাহিকতা রক্ষা করে চলবে বলে আমরা বিশ্বাস করি।

ভূয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, আমাদের সরকার ইতোমধ্যেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) পুনর্গঠন করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করা হবে। সেখান থেকে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হবে। ভূয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন