ফ্যাসিস্টদের নৈরাজ্য দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ: অধিকার

ফ্যাসিস্টদের নৈরাজ্য দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ: অধিকার

আইনশৃঙ্খলা প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলো ফ্যাসিস্টদের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে বলে মনে করছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্টদের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে অধিকার-এর দেওয়া এক বিবৃতিতে এই গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের ‘দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট’ কর্মসূচিকে কেন্দ্র করে বিগত সপ্তাহজুড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাস, পুলিশের গাড়ি ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাসে দেওয়া আগুনে একজন চালকও নিহত হয়েছেন।

এতে আরও বলা হয়, গত ১১ নভেম্বর রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরস্থ গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে তাঁর বসতভিটা পুড়িয়ে দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৪ সালে নুসরাত তাবাসসুম বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং সে সময় পুলিশের গোয়েন্দা সংস্থা তাঁকে আটক করে রেখেছিল। এ ছাড়া দেশজুড়ে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ‘গ্রামীণ ব্যাংক’-এর ১৮টি শাখায় হামলা, ভাঙচুর ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভারতীয় শাসকগোষ্ঠীর মদদপুষ্ট হয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভিন্নমতাবলম্বীদের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতনসহ বিভিন্ন নিপীড়ন চালিয়ে জোরপূর্বক ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। এমনকি মানবাধিকারকর্মীদের কারারুদ্ধসহ ব্যাপক নিপীড়ন চালানো হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, নির্বিচারে খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে আওয়ামী লীগের নেতা ও সংগঠকদের বিচারিক কার্যক্রম চলছে। এ এমতাবস্থায় পতিত ও পলাতক ফ্যাসিস্ট দলটি দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

‘অধিকার’ মনে করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো ফ্যাসিস্টদের এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জোরালো ও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। তাই অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...